দলমত নির্বিশেষে বৃহত্তর ফটিকছড়ির সকল শ্রেণিপেশার মানুষের কাছে আক্ষরিক অর্থেই ‘জননেতা’ হয়ে উঠেছিলেন প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ার। তিনি ছিলেন ফটিকছড়ি-অন্তঃপ্রাণ। ফটিকছড়ির মাটি ও মানুষের উন্নতির প্রশ্নে তিনি যে কোনও চ্যালেঞ্জ নিতে কখনও পিছপা হননি। ফটিকছড়ির মানুষ ব্যক্তিগত, সামাজিক, প্রশাসনিক কিংবা রাজনৈতিক- যে কোনও সঙ্কটে তার কাছে গিয়ে কখনও নিরাশ হয়ে ফেরেন নি। যতটুকু দেখেছি, ফটিকছড়ির মানুষের সাথে সহজ-সারল্যে কথা বলাই ছিল তার ব্যাপক জনপ্রিয়তার অন্যতম শক্তি। দান-অনুদান ছাপিয়ে মানুষ তার কাছে সবসময় সহজে যেতে পারতেন। নিজের মনের কথা খুলে বলতে পারতেন। এলাকায় যাওয়ার পথে ভিখারী কিংবা বিশেষভাবে সক্ষম ব্যক্তির সাথেও তিনি কুশল বিনিময় করতেন।
ঢাকার পল্টনের বাসভবনে একদিন মধ্যরাতে এলাকার কয়েকজন লোক তার সাথে করতে গিয়েছিলেন। সাক্ষাতপ্রার্থীরা দরজায় দাঁড়িয়ে ডাকাডাকির এক পর্যায়ে তিনি নিজেই শয়নকক্ষ থেকে উঠে বাসার কেয়ারটেকার হাসানকে ঘুম থেকে জাগালেন। বললেন কে আসছে দেখার জন্য। হাসান গিয়ে ফটিকছড়ি থেকে কয়েকজন দেখা করতে এসেছেন জানাতেই তাদেরকে ভেতরে নিয়ে এসে খাবার দিতে বলে আবার শয়নকক্ষে গেলেন। তিনি পুনরায় শয়নকক্ষ থেকে বেরিয়ে আসার সময় তার সহধর্মীনি কিছুটা অস্বস্তি প্রকাশ করলে তিনি তাকে বলেন, ফটিকছড়ির মানুষ একজন সাবেক উপপ্রধানমন্ত্রীকে ভোট না দিয়ে আমাকে কেন ভোট দিয়ে এমপি বানিয়েছেন জানো? তারা চাইলেই যেন আমাকে পায়, আমার কাছে সহজেই আসতে পারে- সেজন্যই তারা আমাকে এই সম্মান ও মর্যাদা দিয়েছেন। একথা বলেই তিনি সাক্ষাতকক্ষে এসে তাদেও সাথে দীর্ঘক্ষণ আলাপ করলেন।
ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা রফিকুল আনোয়ারের আরেকটি বড় গুণ ছিল সঠিক মানুষ নির্বাচন করা। কোন কাজের জন্য ঠিক কাকে কখন কোথায় কার কাছে পাঠাতে হবে- এ ব্যাপারে বেশিরভাগ সময়ই তিনি বিচক্ষণতার পরিচয় দিতেন। এমনকি রাজনীতিতে এলাকায় যারা তার বিরুদ্ধাচরণ করতেন, তাদেরকে তিনি আরও বেশি সম্মান ও কদর করতেন। সকলকে কাছে টেনে নেওয়ার ও সকলের পাশে দাঁড়ানোর এক আশ্চর্য সহজাত ক্ষমতা ছিল তার। যা সাধারণত অনেকের মধ্যে দেখা যায় না। শহরে কিংবা গ্রামে ফটিকছড়ির মানুষের সাথে দেখা করা ও কথা বলার মধ্যেই তিনি সবচেয়ে বেশি আনন্দ ও স্বাচ্ছন্দ্যবোধ করতেন। রাজনৈতিকভাবে অনেক নেতার বিপদের সময় তাকে দৌড়ঝাঁপের পাশাপাশি শিশুর মত কাঁদতেও দেখেছি। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার অনিবার্যভাবে ফটিকছড়ি যাওয়া-আসা করতেন। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও এলাকার যে কারও সামাজিক দাওয়াতে হাজির হওয়া ছিল তা নিয়মিত কাজের অংশ। ফটিকছড়ির এ প্রান্ত থেকে ওপ্রান্তে একদিনে ১২-১৩ টি সামাজিক দাওয়াতেও তিনি অংশ নিয়েছেন। বলতেন- ‘যার ছেলে কিংবা মেয়ের বিয়ের দাওয়াতে আসলাম, তার মনটা কত বড় হয়েছে অনুভব করতে পারো? তিনি মনে মনে হলেও গর্ব করে বলবেন- আমার অমুকের বিয়েতে এমপি সাহেব এসেছেন’। এভাবেই তিনি ফটিকছড়ির আপামর জনসাধারণের কাছে সবচেয়ে ‘জনপ্রিয় জননেতায়’ পরিণত হয়েছিলেন।
ফটিকছড়ির উন্নয়ন প্রশ্নে তিনি সবসময়ই ছিলেন অকাতর। মসজিদ-মন্দির ও স্কুল-মাদ্রাসা ছাড়াও এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। এক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিজনিত বিভাজনকে তিনি কৌশলে এড়িরেয় যেতেন। ফটিকছড়িবাসী তাকে দ্বিতীয় দফায় এমপি নির্বাচিত করে যখন জাতীয় সংসদে পাঠালেন, তখন তার দল সরকার গঠন করতে পারে নি। রাষ্ট্রীয় সংস্কৃতিতে বিরোধীদলে থেকে নিজের নির্বাচনী এলাকার জন্য বাড়তি উন্নয়ন বরাদ্দ আনা বেশ কঠিন। তারপরও তিনি ঢাকায় গিয়ে চেষ্টা-তদবির অব্যাহত রাখতেন। একদিন তাকে আক্ষেপ নিয়ে বলতে শুনেছি, ‘আর পাঁচটি বছর যদি সরকারে থাকার সুযোগ পেতাম, তাহলে ফটিকছড়ির কোনও গ্রামে অবকাঠামোগত উন্নয়নের কাজ আর বাকি থাকতো না।’ ফটিকছড়িতে প্রয়াত রফিকুল আনোয়ারের আগে ও পরে অনেকেই জনগনের ভোটে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে গিয়েছেন। আগামীতেও আরও অনেকেই যাবেন। তবে তার মত এতটা ‘ফটিকছড়ি-অন্তঃপ্রাণ’ জনপ্রতিনিধি ফটিকছড়ির জনজীবনে আর আসবে কি না অন্তত এ অধমের জানা নেই!
লেখক: সিনিয়র সাংবাদিক, চট্টগ্রাম।



