ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার শোভনছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মদ সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শোভনছড়ি এলাকার বাচা মিয়া পালোয়ান বাড়ির বাসিন্দা আবুল হোসেন (৫০) ও সন্দীপনগর এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন (৩৭)। অভিযানকালে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী সময়ে বিনষ্ট করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?