চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে অক্টোবর মাসের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্সে (অপরাধ পর্যালোচনা সভা) তাঁকে অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতা ও বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে পারফরম্যান্সের ভিত্তিতে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দেকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, এ অর্জন আমার একার নয়। ভূজপুর থানা ও তদন্তকেন্দ্রে কর্মরত সব কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। এ অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।



