জাতীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ফটিকছড়ির নাম উজ্জ্বল করবে এখানকার খেলোয়াড়রা—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানান। উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরোয়ার আলমগীর বলেন, ‘আমার সংসদীয় এলাকা নতুন কুঁড়ির রেজিস্ট্রেশনে বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। আমি প্রত্যাশা করি, জাতীয় পর্যায়েও আমাদের খেলোয়াড়রা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ফটিকছড়ির সুনাম বয়ে আনবে। জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় আমরা ফটিকছড়িতে এ আয়োজনের উদ্বোধন করলাম।’
এর আগে বৃহস্পতিবার বেলা ৩টা ৪০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ আয়োজনের যাত্রা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার একরামুল হক ও জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুম মুমিন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফজেল বারী ও বজল আহম্মদ, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, ওসমান হোসেন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, শাহরিয়া চৌধুরী, শামীম আলমগীর রুবেল, মহিন উদ্দিন ও এম এ মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ফটিকছড়ির তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ার পাশাপাশি নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



