হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া নিতে এবং তাঁর সভাপতিত্বে আয়োজিত বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দিতে শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে তিনি বাবুনগর মাদরাসায় পৌঁছাবেন। সেখানে জুমার নামাজ আদায় শেষে মহাসম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরের ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে মাদরাসা কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রীর আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও মহাসম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে অংশ নেওয়া ছাড়া অন্য কোনো কর্মসূচি নেই।
মহাসম্মেলনে আরও উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর। এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশের বিভিন্ন প্রান্তের আলেম-ওলামারা সম্মেলনে অংশ নিচ্ছেন। দুই দিনই উপস্থিত থাকছেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর।
বৃহস্পতিবার বাদ ফজর মাদরাসা প্রাঙ্গণে শুরু হয় দুই দিনব্যাপী এ মহাসম্মেলন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।
সম্মেলনে বয়ান করছেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী এবং মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশবরেণ্য আলেম-ওলামারা।



