চট্টগ্রাম প্রেসক্লাবে কাদের গনী চৌধুরী

দাসত্বের সাংবাদিকতাকে ঘৃণা করে মানুষ

ডেক্স নিউজ

দাসত্বের সাংবাদিকতার কারণেই দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, দেশে এত গণমাধ্যম থাকার পরও আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশি গণমাধ্যমের মাধ্যমে। যারা দীর্ঘদিন দাসত্বের সাংবাদিকতা করেছেন, তাঁদের অনেকেই এখন লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। সাংবাদিক সমাজকে যেন এমন পরিণতি ভোগ করতে না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, মানুষ দাসত্বের সাংবাদিকতাকে মনেপ্রাণে ঘৃণা করে। বর্তমানে অপসাংবাদিকদের প্রভাব বেড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করা প্রয়োজন।

সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক এ সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার নেপথ্যে পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে। সরকার ইতিমধ্যে তাদের চিহ্নিত করেছে। কিছু গণমাধ্যম পোশাকশিল্পের অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে পরিস্থিতি উসকে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল বলেন, পেশাদার ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অসুস্থ সাংবাদিকদের চিকিৎসায় তাৎক্ষণিক সহায়তাও দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা।

পরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?