ব্রেইন স্ট্রোকে মৃত্যু কাতার প্রবাসী মহসীনের;

বাবার আদর না পেয়েই এতিম সানাইয়া

সালাহউদ্দিন জিকু

জন্মের পর ১৪ মাস পেরিয়ে গেছে। অথচ একবারের জন্যও বাবার কোলে ওঠা হয়নি ছোট্ট ‘সানাইয়া’র। বাবার হাতের স্পর্শ, বুকের উষ্ণতা কিংবা কোলে নিয়ে আদর করার স্মৃতি- কোনোটিই নেই তার।

জীবিকার তাগিদে প্রবাসে থাকা বাবা হয়তো বুকভরা স্বপ্ন নিয়ে অপেক্ষা করছিলেন মেয়েকে বুকে জড়িয়ে ধরার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। কাতারে ব্রেইন স্ট্রোকে মারা গেছেন বাবা সাজ্জাদ হোসেন মহসিন (২৫)। মেয়ের কাছে বাবা ফিরছেন, তবে জীবিত নয়- নিথর মরদেহ।

বৃহস্পতিবার(১২ নভেম্বর)  বাংলাদেশ সময় সকাল ৮টায় কাতারের আল খোর এলাকার আয়েশা বিনতে হামাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহসিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ বাড়ির বেলাল উদ্দিন দুলালের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ জুন জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান মহসিন। দোহার উম্ম সালাল এলাকায় মামার গাড়ির গ্যারেজে কাজ করতেন তিনি। ২০২৫ সালের ২৪ জানুয়ারি দেশে এসে বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান। বর্তমানে শিশুটির বয়স ১৪ মাস। কিন্তু প্রবাসে থাকার কারণে জন্মের পর থেকে মেয়েকে একবারের জন্যও কোলে নেওয়ার সুযোগ হয়নি তাঁর।

প্রবাসী ও প্রতিবেশী এন এম তৌসিফ জানান, বাংলাদেশ দূতাবাসের প্রয়োজনীয় ক্লিয়ারেন্স ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তাঁর মরদেহ দেশে আনা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার রাতে অথবা সোমবার মরদেহ দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?