মহাসড়কজুড়ে মোটরসাইকেলের বেপরোয়া কসরত। কখনো সামনের চাকা শূন্যে তুলে হুইলিং, কখনো পাল্লা দিয়ে রেসিং, আবার কখনো চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও লাইক পাওয়ার নেশায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশকে ঝুঁকিপূর্ণ স্ট্যান্টবাজির মঞ্চে পরিণত করেছে একদল উঠতি বয়সী তরুণ। এতে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিপদের মুখে পড়েছেন সাধারণ যাত্রী, চালক ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা এ প্রবণতা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। বিশেষ করে প্রতি শুক্র ও শনিবার এবং অন্যান্য ছুটির দিনে বিকেলবেলা এসব কর্মকাণ্ড বেশি দেখা যায়। ব্যস্ত মহাসড়কে মোটরসাইকেলের সামনের চাকা তুলে হুইলিং, দ্রুতগতির রেসিং, পাশাপাশি একাধিক মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা এবং চলন্ত অবস্থায় ভিডিও ধারণ করছেন তরুণেরা। স্থানীয় ও আশপাশের এলাকার উঠতি বয়সী তরুণেরা এসব ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
স্ট্যান্টবাজির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না তাঁদের কর্মকাণ্ড। এসব দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতাও রয়েছে। কেউ মোটরসাইকেল চালানোর সময়ই ভিডিও ধারণ করছেন, আবার কেউ সড়কের পাশে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছেন। পরে এসব ভিডিও ফেসবুক ও টিকটকে প্রকাশ করা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও করছেন অনেকে। SA07 নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত স্ট্যান্টবাজির ভিডিও ঘিরেও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
স্ট্যান্টবাজির সময় মহাসড়কে স্বাভাবিক যান চলাচল অব্যাহত থাকে। ফলে একদিকে মোটরসাইকেল চালকদের নিজেদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি, অন্যদিকে বিপরীত ও একই পথে চলাচলকারী যানবাহনের যাত্রী এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সড়কের পাশে উৎসুক তরুণদের জটলাও পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ফটিকছড়ি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দৌলত মিয়া বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ স্ট্যান্টবাজি বন্ধে প্রশাসন ও হাইওয়ে পুলিশকে আরও কঠোর হতে হবে। কয়েকটি ভিউ ও লাইক পাওয়ার আশায় জীবনের ঝুঁকি নিয়ে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের সচেতন করা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।’
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পরিবহন নেতা মো. শাহজাহান বলেন, ‘মহাসড়কে বাইকারদের ঝুঁকিপূর্ণ স্ট্যান্টবাজি ও বেপরোয়া চালনা বন্ধে কঠোর আইন প্রয়োগ জরুরি। এ ধরনের কর্মকাণ্ডে শুধু চালক নন, অন্য যানবাহনের যাত্রী ও পথচারীরাও দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন। তাই হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়িয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় বাসিন্দা মো. করিমও এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণে শিশু ও সাধারণ পথচারীরা ঝুঁকিতে রয়েছেন। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো. শামছুজ্জামান বলেন, ‘মহাসড়কে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। উঠতি বয়সের কিছু তরুণ অভিভাবকদের অগোচরে সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ ধরনের স্ট্যান্ট করছে। এ ধরনের কর্মকাণ্ড মোটেও সমীচীন নয়। দুর্ঘটনা এড়াতে অভিভাবকদেরও তাঁদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো প্রয়োজন।’ তিনি জানান, মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্ট্যান্টবাজি বন্ধে অভিযান পরিচালনা করা হবে।



