হাটহাজারীতে ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা, ইসলামী ফাউন্ডেশনে ১৪১ জনের কর্মসংস্থান এবং ১৩২টি ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সুরক্ষায় সরকারের এসব উদ্যোগের কথা জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার নামাজের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে হাটহাজারী উপজেলার ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের ইতিহাসে একটি উপজেলা হিসেবে হাটহাজারীর ১৪১ জনকে ইসলামী ফাউন্ডেশনে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে হাটহাজারী উপজেলায় ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলার ১৩২টি ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে স্থানীয়দের কাজের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এসব উদ্যোগের জন্য হাটহাজারীবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।
সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান, দেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন হোক। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী, সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সরকার দেশের উন্নয়নে কাজ করে যাবে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় উপস্থিত আলেম-ওলামা ও মুসল্লিদের কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।
বার্ষিক মাহফিলে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।



