পরিবারের জিম্মায় মুক্তি

ফটিকছড়িতে ৩৪ যুবক-কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে ১৮টি মোটরসাইকেলসহ ৩৪ জন যুবক ও কিশোরকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। পরে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আছিয়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ৩৪ জন যুবক ও কিশোর ১৮টি মোটরসাইকেল নিয়ে দলবদ্ধভাবে আছিয়া চা বাগান এলাকায় ঘোরাফেরা করছিল। চলমান পরিস্থিতিতে তাদের এমন দলবদ্ধ চলাফেরা সন্দেহজনক মনে হলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভূজপুর থানা পুলিশ। পরে তাদের মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসা হয়।

থানায় নেওয়ার পর আটক ব্যক্তিদের পরিচয়, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রতি শুক্রবার তারা বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে ঘুরতে যায়। এরই ধারাবাহিকতায় সেদিন আছিয়া চা বাগান এলাকায় বেড়াতে এসেছিল।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮টি মোটরসাইকেল নিয়ে ৩৪ জন ছেলে চা বাগান এলাকায় ঘোরাফেরা করতে এসেছিল। চলমান পরিস্থিতি বিবেচনায় সন্দেহবশত তাদের থানায় আনা হয়। পরে যাচাই-বাছাইয়ে সন্দেহজনক কোনো তথ্য না পাওয়ায় প্রত্যেককে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?