চট্টগ্রামের ফটিকছড়িতে গত কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। কোথাও কোথাও নিম্নাঞ্চলের জমি তলিয়ে পাকা ধানে ধরেছে পচন। সময়মতো ফসল ঘরে তুলতে না পারায় বাড়তি খরচ ও ফসলের ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা কৃষক সাইফুল আজম কদিন আগেও স্বপ্ন দেখছিলেন সোনালি আমন ধান ঘরে তোলার। পাঁচ কানি জমিতে আমন ধানের চাষ করেছিলেন তিনি। পাকা ধান কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে বদলে গেছে সেই চিত্র। তাঁর দুই কানি জমির ধান বৃষ্টিতে ভিজে পচন ধরেছে।
রবিবার বিকেলে জমিতে গিয়ে ধানের এমন অবস্থা দেখে হতাশ হয়ে পড়েন সাইফুল আজম। ফসলের ক্ষতির পাশাপাশি এখন চাষাবাদে ব্যয় করা অর্থ তুলে আনতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন তিনি।
সাইফুল আজম বলেন, ‘পাঁচ কানি জমিতে ধান চাষ করেছি। এর মধ্যে দুই কানি জমির ধান বৃষ্টিতে ভিজে পচন ধরেছে। চাষাবাদে যে অর্থ ব্যয় করেছি, তা তুলতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
শুধু সাইফুল আজম নন, উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরাও পড়েছেন একই দুর্ভোগে। একই এলাকার কৃষক খোরশেদুল আলম তিন কানি জমিতে চাষ করেছেন। এর মধ্যে এক কানি জমির ধান বৃষ্টিতে নষ্ট হয়েছে।
খোরশেদুল আলম বলেন, ‘এবার ধানের ফলন বেশ ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে কেটে রাখা ধান নষ্ট হতে শুরু করেছে। এখন বৃষ্টি বন্ধ না হলে আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’
রোববার ২২ নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ফসল ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকেরা। কোথাও জমিতে পড়ে আছে কাটা ধানের আঁটি, কোথাও মাড়াই করা ধান শুকানোর অপেক্ষায়। আধুনিক যন্ত্রের সাহায্যে চলছে ধান মাড়াইয়ের কাজ। তবে বৃষ্টিতে ভেজা ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। একদিকে মাঠে পড়ে থাকা ধান, অন্যদিকে আবার বৃষ্টির আশঙ্কা—সব মিলিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকেরা।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ২২ হাজার ৫১৫ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১৯৫ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে। উপজেলায় আমন ধানের আবাদ করেছেন ২৯ হাজার ৫৬০ জন কৃষক। গত কয়েক দিনে উপজেলায় ৭ মিলিমিটার বৃষ্টিতে প্রায় ৫০ হেক্টর জমির ধান ক্ষতির মুখে পড়েছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের মধ্যে অস্বস্তি ও শঙ্কা দেখা দিয়েছে। তবে তাঁদের পরামর্শ দিয়ে যাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। বৃষ্টিতে পাকা ধান কাটার কাজে কিছুটা বিলম্ব হলেও এখনো আশাবাদী কৃষি বিভাগ।



