অপরাধের অবাধ বিচরণভূমি পাহাড়-সমতলের ফটিকছড়ি। সন্ত্রাসীদের স্বর্গরাজ্যখ্যাত চট্টগ্রামের এই উপজেলায় একের পর এক অস্ত্রধারীদের প্রকাশ্যে গুলির ঘটনায় স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। কখনো প্রকাশ্যে, কখনো বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, কখনো প্রকাশ্যে অস্ত্রের মহড়া, আবার কখনো প্রতিষ্ঠানে থাকা ব্যবসায়ীকে গুলি। ধারাবাহিক এসব ঘটনায় চরম নিরাপত্তাহীনও উৎকন্ঠায় সাধারণ মানুষ।
সাধারনের প্রশ্ন, কারণ কী? এসব অপরাধের আড়ালে কারা, কোথা থেকে আসছে অবৈধ অস্ত্র, কারা দিচ্ছে তাদের প্রশ্রয় ও মদদ?
পুলিশ বলছে, মূলত সন্ত্রাসী ডেভিড ইমনের সাঙ্গপাঙ্গরা এলাকায় এখন অনেকটাই ছন্নছড়া। তারাই মূলত ঘাঁপটি মেরে এসব কাজে জড়িত। তাছাড়া মাদক ও পাহাড়ি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশে এখানকার অপরাধ কর্মকাণ্ডের কারণ। তবে অপরাধীদের ধরতে প্রতিনিয়তই অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়।
সর্বশেষ সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ভুজপুর থানাধীন সুয়াবিলের চুরখাঁহাট বাজারে মুখোশধারী শসস্ত্র দুর্বৃত্তরা সিএনজি অটোরিক্সায় এসে প্রকাশে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ছয় ব্যবসায়ী, চালক ও পথচারী আহত হন। আটক করা হয় অটোরিক্সা ও চালককে। ভুজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঘটনার পর থেকে উপজেলার এই শান্তিপ্রিয় জনপদের মানুষকে নতুন করে ভাবিয়ে তুলেছে। স্থানীয়দের ধারণা এরকম গুপ্ত হামলায় নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের হাত থাকতে পারে।
সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম শফিউল আলম বলেন, ‘এসব নিষিদ্ধঘোষিত গুপ্তদলের হামলা। তারা এলাকার স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা দলের নেতাকর্মীরা মিলে তা শক্ত হাতে দমন করবো।’
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘আমরা বিষয়টি নিভিড়ভাবে দেখছি। অপরাধীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।’
এরআগেরদিন, রোববার কাঞ্চননগর তেমুহনী বাজারের উত্তরে দিঘিরপাড়ে নিজের আসবাব প্রত্রের দোকানে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মো. আবছার উদ্দিন চৌধুরী (৩৫)। মোটরসাইকেলে আসা পাঁচ শসস্ত্র যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের মতে, চট্টগ্রামের আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগীদের পুলিশে হাতে ধরিয়ে দেওয়ার পর থেকেই আবছার সন্ত্রাসীদের রোষানলে পড়েন। ইতিপূর্বেও তার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এবার নিজ প্রতিষ্ঠানেই তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাটি প্রতিশোধমূলক বলে ধারণা করছেন অনেকেই।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘আবছার পুলিশকে তথ্য দিতেন এটাই তার অপরাধ ধরে নিয়ে গুলিবর্ষণের ঘটনা হতে পারে। তিনি বলেন, শটগানে দুই রাউন্ড এবং নাইন এমএম পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তার উরুতে এক ও হাতে দুই রাউন্ড গুলি লাগে। এ ছাড়া গুলির ছররা তার বুকেও আঘাত করেছে।’ ওসি বলছেন, মূলত সন্ত্রাসী ডেভিড ইমনের সাঙ্গপাঙ্গরা এখন অনেকটাই ছন্নছড়া। তারাই মূলত ঘাঁপটি মেরে এসব করছেন।
কাঞ্চননগরে অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে পুলিশি তথ্য বলছে, গত এক বছরে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়। এরমধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি ৯ এমএম টরাস পিস্তল একটি, ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল একটি, পাকিস্তানের তৈরি বিদেশি রিভলবার একটি এবং দেশীয় তৈরি একনলা পিস্তল একটি। রয়েছে ৯ এমএম গুলি ১৮ রাউন্ড, ৭.৬৫ এমএম গুলি পাঁচ রাউন্ড, পিস্তলের ম্যাগাজিন তিনটি, গুলির খোসা তিনটি এবং শটগানের কার্তুজ চারটি।
সব মিলিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি গুলির খোসা ও চারটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি ৯ এমএম টরাস পিস্তলটিও রয়েছে। পরে সেটি কাঞ্চননগর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
এর আগে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোনের পরিচালনায় দক্ষিণ কাঞ্চননগর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি দল পাঁচজন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে একটি একে-৪৭ রাইফেল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন; একটি এম-১ রাইফেল, ২৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ; একটি একে-২২ রাইফেল ও ২০০ রাউন্ড গুলি; চারটি মর্টার; একটি ৭.৬৫ মি.মি. চীনা পিস্তল ও তিন রাউন্ড গুলি; একটি এলজি লং ব্যারেল রাইফেল ও ৩৬টি এলজি কার্তুজ এবং একটি এলজি শর্ট ব্যারেল রাইফেল। এ ছাড়া বিপুল পরিমাণ আইইডি তৈরির সরঞ্জাম ও ব্যবহৃত ইউনিফর্ম উদ্ধার ছিল।
স্থানীয়দের মাঝে দক্ষিণ কাঞ্চননগরে সেনাবাহিনীর এই অভিযান ওই এলাকায় সশস্ত্র তৎপরতা ও অস্ত্রের উপস্থিতির বিষয়ে অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এলাকায় কথা হয় অনেকের সাথে। কেউ নাম প্রকাশ না করার পক্ষে। তাদের মতে, অতীতে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ এলাকায় ফিরে আসায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠে। হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা না নেয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বরং ক্রমশ: অবনতি হচ্ছে।
কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘মূল অপরাধীর অবাধ বিচরণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক ও পাহাড়ি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ এখানে অপরাধ কর্মকাণ্ডের অন্যতম কারণ। এসব রোধ হলে শান্তি ফিরবে।’
কাঞ্চননগরে গুলিবর্ষণের ঘটনা নতুন নয়। এরআগে গত ১৪ মে এক ব্যবসায়ীর বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গত ৩ জুলাই কাঞ্চননগরের ডলুপাড়া এলাকায় এক পোলট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
এছাড়া, গত ১২ সেপ্টেম্বর কাঞ্চননগরের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।
কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হান্নান চৌধুরী বলেন, ‘শুধু হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করলেই কাঞ্চননগরের অপরাধ পরিস্থিতির উন্নতি হবে না। অপরাধীদের অস্ত্রের উৎস, অর্থের জোগানদাতা, আশ্রয়দাতা ও নেপথ্যের মদতদাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’
সাধারণ সম্পাদক মো. শফিউল আজম বলেন, ‘আইনশৃংখলা বাহিনী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং আগের ঘটনাগুলোর দৃশ্যমান অগ্রগতি হলেই অপরাধ প্রতিরোধ সম্ভব।’
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তারে পুরোদমে মাঠে সক্রিয় পুলিশ। এসব ঘটনার মদদ দাতা, উৎস ও অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে বিশেষ বিশেষ মনিটরিং করা হচ্ছে।’



