চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় আলোচিত শুটার রায়হান পরিচয়ে একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই পোস্টে নিজেকে রায়হান দাবি করে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকারের পাশাপাশি আহত ব্যক্তিদের উদ্দেশে অর্থসহায়তার প্রস্তাব এবং ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে সতর্ক থাকার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ওই পোস্টে রায়হান দাবি করেন, সোমবার রাতে সুয়াবিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বের হওয়ার সময় কয়েকজন বিএনপিপন্থী নেতা-কর্মী তাঁকে আওয়ামী লীগপন্থী মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে তিনি গুলি চালাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন। তবে তাঁদের সঙ্গে আগে থেকে কোনো বিরোধ ছিল না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
পোস্টে আহত ব্যক্তিদের উদ্দেশে তিনি লেখেন, তাঁদের সঙ্গে তাঁর বিরোধ সেখানেই শেষ। আহতদের মধ্যে কেউ আর্থিকভাবে অসহায় হলে তাঁকে ইনবক্সে যোগাযোগ করার কথাও বলেন। একই সঙ্গে ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে গাড়ির ভেতরে কে আছেন, তা খোঁজখবর নেওয়ার হুঁশিয়ারি দেন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি চুঁরখারহাট বাজারে আসেন। তাঁদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে চৌমুহনী মোড়ের দিকে যাওয়ার পথে আরও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান।
গুলিতে আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।



