চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপন এবং সুয়াবিল ইউনিয়নকে এ উপজেলায় অন্তর্ভুক্ত করার কার্যক্রমের ওপর হাইকোর্টের জারি করা স্থিতাবস্থার (স্ট্যাটাস-কো) মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) এ আদেশ দেন হাইকোর্ট। এর ফলে পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপন এবং সুয়াবিল ইউনিয়নকে ফটিকছড়ি উত্তর উপজেলায় অন্তর্ভুক্ত করার কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। তবে উত্তর উপজেলার অন্যান্য প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।
এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে তিন মাসের জন্য স্থিতাবস্থার আদেশ দিয়েছিলেন। বুধবার সেই আদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত বাস্তবায়ন কমিটির (নিকারের) বৈঠকে দেশের ৫০১তম উপজেলা হিসেবে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপনের সিদ্ধান্ত জানানো হলে উত্তরের তিন ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে তাঁরা হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এদিকে, উপজেলা গঠন ও সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে উত্তরের তিন ইউনিয়নের পক্ষে শফিউল আলম এবং দক্ষিণ ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের পক্ষে এস এম শফিউল আলম পৃথক দুটি রিট পিটিশন দায়ের করেন।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট সরকারি পক্ষগুলোর প্রতি রুল জারি করেন। এর মধ্যে রুল নিষ্পত্তির আগেই পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হলে বিষয়টি আদালতের নজরে আনেন রিটকারীরা। পরে গত ১৯ আগস্ট আদালত সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর তিন মাসের স্থিতাবস্থা জারির আদেশ দেন।
আদালতের ওই আদেশে পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপন এবং সুয়াবিল ইউনিয়নকে ফটিকছড়ি উত্তর উপজেলায় অন্তর্ভুক্ত করার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে উত্তর উপজেলার অন্যান্য প্রশাসনিক কার্যক্রম চালু রাখার সুযোগ রাখা হয়।
রিটকারীদের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট এহসানুল করিম, সাবেক বিচারপতি অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ ফয়জী ও অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীসহ অন্যরা।
নতুন আদেশের ফলে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের অবস্থান এবং সুয়াবিল ইউনিয়নের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে চলমান আইনি প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের স্থিতাবস্থা বহাল থাকবে।



