চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু পরিবহনের সময় ২০০ ঘনফুট বালুভর্তি একটি ডাম্প ট্রাক আটক করেছে বন বিভাগ। এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টার দিকে করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের আওতাধীন ঝিলতলী খাল এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। আটক ট্রাকটির নম্বর চট্ট মেট্রো-শ-১১-২৭৪৬।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু পরিবহন ও পাচারের সময় ট্রাকটিকে আটক করা হয়। পরে বালুভর্তি ট্রাকটি জব্দ করে স্থানীয় ব্যবস্থাপনায় করেরহাট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
করেরহাটের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা বলেন, ডাম্প ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় হস্তান্তরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



