চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে গুলি চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনায় আলোচনায় আসা পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি রায়হান আলম ওরফে শুটার রায়হান আত্মসমর্পণে আগ্রহ প্রকাশ করেছেন। তবে আত্মসমর্পণের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে তাঁর। তাঁর শঙ্কা, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের মামলায় জড়িয়ে পড়তে পারেন তিনি। অন্যদিকে, আত্মসমর্পণ করলে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান মামলার বাইরে নতুন করে অপ্রয়োজনীয় মামলায় না জড়ানোর আশ্বাস দিয়েছে পুলিশ।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে রায়হানের ফোনালাপের একটি অডিও বুধবার (২৫ নভেম্বর) তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। এতে পুলিশ কর্মকর্তাকে রায়হানকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়। জবাবে রায়হানও আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেন। তবে নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কার কথা তুলে ধরেন।
ফোনালাপে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ রায়হানকে আশ্বস্ত করে বলেন, আত্মসমর্পণ করলে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বর্তমানে তাঁর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর বাইরে নতুন করে অপ্রয়োজনীয় কোনো মামলায় জড়ানো হবে না। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, আপনাকে কিছু করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’
পুলিশ কর্মকর্তার এমন আশ্বাসের পর রায়হান জানান, আত্মসমর্পণের ইচ্ছা তাঁর রয়েছে। তবে অতীতে একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে বিপাকে পড়েছিলেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ওই উদ্যোগের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার আত্মসমর্পণ করলেও ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা করছেন তিনি।
নিজের সেই শঙ্কার কথা তুলে ধরে রায়হান বলেন, ‘এখন ঢুকলে ভাই, বাইরে হইতে তো পারব না। আট-দশ বছর আমাকে বাইর হতে দেবে না কেউ। বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?’
জবাবে তারেক আজিজ তাকে আশ্বস্ত করে বলেন, যেসব ঘটনায় রায়হান জড়িত, সেসব মামলার বাইরে নতুন কোনো মামলায় তাঁকে জড়ানো হবে না। বিদ্যমান মামলাগুলোর বাইরে অন্য কোনো মামলা দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে রায়হান দাবি করেন, তখন তিনি ফটিকছড়ি এলাকায় অবস্থান করছিলেন না। হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা করার কথাও বলেন তিনি। পুলিশের একাধিক সদস্য তাঁর অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখেন বলে দাবি করেন রায়হান। তবে পুলিশ তাঁকে খুঁজে পাবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন।
অন্যদিকে, তারেক আজিজ তাঁকে সেদিনই পুলিশের কাছে আসার আহ্বান জানান। তাঁরা অপেক্ষা করছেন জানিয়ে আত্মসমর্পণের ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে দূরত্বের কথা উল্লেখ করে সেদিন আসা সম্ভব নয় বলে জানান রায়হান।
গুলির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
ফোনালাপে ফটিকছড়ির সাম্প্রতিক গুলির ঘটনাও উঠে আসে। রায়হানের দাবি, তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কয়েকজন তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করেন। তবে কেন তাঁর গাড়ির সামনে-পেছনে লোকজন অবস্থান নিয়েছিল, তা তিনি জানেন না বলে দাবি করেন।
গুলিতে আহত ব্যক্তিদের প্রসঙ্গ তুললে পুলিশ কর্মকর্তা তাঁদের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন। জবাবে রায়হান বলেন, ‘আমার দ্বারা তো গরিব লোকের বা অসহায়দের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, এটা তো জানেন। তাহলে আমারে নিয়ে কেন লাগছে সবাই?’
কথোপকথনে কাদের নামে এক ব্যক্তির প্রসঙ্গও আসে। ওই ব্যক্তিকে শনাক্ত করতে সহযোগিতা করতে পারবেন কি না, জানতে চান পুলিশ কর্মকর্তা। জবাবে রায়হান বলেন, ‘ভাই, আমি তো বেইমানি করতে পারব না।’ পরে এ বিষয়ে সরাসরি বসে কথা বলার আগ্রহ প্রকাশ করেন তিনি।
দীর্ঘ কথোপকথনে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় বা চূড়ান্ত সম্মতি দেননি রায়হান। তবে ভবিষ্যতে দেখা করার ইঙ্গিত দিয়ে কথোপকথনের শেষ দিকে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ ভাই, দেখা হবে।’
যেভাবে আলোচনায় রায়হান
এর আগে সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। পুলিশের ভাষ্য, ওই এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে চিনে আটকানোর চেষ্টা করলে তাঁর সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরদিন মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান। তবে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আহত ব্যক্তিদের কারও আর্থিক সহায়তা প্রয়োজন হলে যোগাযোগ করার কথাও জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হান আলম চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। ফটিকছড়িতে গুলির ঘটনার আগেও তাঁর অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়েছিল। তাঁকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।



