উত্তর চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নাজিরহাট বাজারের ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ নভেম্বর) প্রধান নির্বাচন কর্মকর্তা নাজিরহাট ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম এ তফসিল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ ইদরিস মিয়া ও ছৈয়দ মোহাম্মদ নুরুল হুদা উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পর্ষদে থাকবেন একজন সভাপতি, একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন সহসাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন দপ্তর সম্পাদক, একজন ক্রীড়া সম্পাদক, একজন সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক ও পাঁচজন কার্যকরী সদস্য।
এরআগে, গত ১৬ সেপ্টেম্বর সবার সম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ ২০১৮ সালের নির্বাচিত কমিটি বাতিল করে আহবায়ক কমিটি ঘোষণা করেন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ। কমিটিতে ডা. মো. ইব্রাহিমকে আহবায়ক ও মো. হাসানুল কবিরকে সদস্য সচিব করা হয়। সাত সদস্যের নেতৃবৃন্দ গত ৩১ অক্টোবর পর্যন্ত সদস্যপদ নবায়ন করে। ১ নভেম্বর হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন গঠন করা হয়।
তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ৮টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পাবেন। ১-২ ডিসেম্বর মনোনয়ন জমাদান, ৩ ডিসেম্বর যাচাই-বাছাই, ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ৫ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৫২ জন ব্যবসায়ী।
তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এবং ভোট গণনা শেষে ওই দিনই নির্বাচনি ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে নাজিরহাট জে এম আহমদিয়া আলীয়া মাদ্রাসা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ প্রয়োজনে এ তফসিল পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার সম্পূর্ণ এখতিয়ার তারা সংরক্ষণ করে।
তফসিল ঘোষণার সময় ব্যবসায়ীনেতা সাংবাদিক এস এম আক্কাছ, মো. জাফর আলম, মো. শাহ জামাল ও প্রবাস দে উপস্থিত ছিলেন।



