সুন্দরপুরে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে হরিণাদিঘী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি।
শনিবার সংগঠনের উদ্যোগে হরিণাদিঘী দাখিল মাদ্রাসা মাঠে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ওয়াসার ডিএমডি গোলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সঠিক দিকনির্দেশনার অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়া এবং দেশকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে জেন–জি অগ্রভাগে ছিল। যুবসমাজ চাইলে সমাজ ও রাষ্ট্র বদলে দিতে পারে। এক সময়ের অবহেলিত হরিণাদিঘী আজ অনেক দূর এগিয়েছে। বর্তমান সময়ে যখন যুবসমাজকে নষ্ট করার নানা অপচেষ্টা চলছে, তখন এলাকার কল্যাণে হরিণাদিঘী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, হরিণাদিঘী চট্টগ্রামের একটি আদর্শ গ্রামে পরিণত হোক।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জনের বেশি শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর তৈয়ব আলীর সভাপতিত্বে ও সম্পাদক আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হরিণাদিঘী মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দিন, ছাত্রনেতা শওকত আলী, ব্যবসায়ী সাইফুল আলম, প্রবাসী হাফেজ আব্দুল করিম ও আনোয়ারুল আজিম নয়ন।
এসময় উপস্থিত ছিলেন নুরুল আবছার, ব্যবসায়ী মহিবুল্লাহ, মোরশেদ সওদাগর, শেখ জায়েদ চৌধুরী, জাবেদ মোরশেদসহ শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা।



