৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী

সারোয়ার আলগমীর ভোটে লড়তে পারবেন, তবে আপাতত ফলাফল প্রকাশ নয়

ডেস্ক নিউজ, ফ. প্র

চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থীর করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আদেশের পর সারোয়ার আলমগীরের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, লিভ (আপিল করার অনুমতি) দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করতে পারবেন সারোয়ার আলমগীর। লিভ মঞ্জুর হওয়ায় আপিলের ওপর শুনানি হবে। এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ করা যাবে না।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলটি করেছিলেন চট্টগ্রাম-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। আপিল বিভাগের আদেশের পর তাঁর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগ লিভ মঞ্জুর করেছেন। আদালত বলেছেন, সারোয়ার আলমগীর নির্বাচন করতে পারবেন। কিন্তু ফলাফলটা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশিত হবে না।’

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন অভিযোগটি করেছিলেন।

শুনানি নিয়ে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে। তাঁর প্রার্থিতা বাতিল হয়। এর বৈধতা নিয়ে প্রার্থিতা ফিরে পেতে সারোয়ার আলমগীর গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিটটি করেন।

শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের (ইসির) সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে ও ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন নুরুল আমিন।

আদালতে নুরুল আমিনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন এবং আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির ও আজিম উদ্দিন পাটোয়ারী শুনানিতে ছিলেন। সারোয়ার আলমগীরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস শুনানি করেন।

খবর প্রথম আলোর

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?