বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা সমিতি চট্টগ্রাম জেলার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। রোববার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের হোটেল জামান হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা-উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমিতির বর্তমান সভাপতি ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্ব এবং সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় সভায় কমিটির সকল সদস্যগণ উপস্থিত থেকে তাদের স্ব-স্ব মতামত দেন। সভায় কমিটির মেয়াদ শেষ এবং কতেক নেতা অবসরে যাওয়ায় নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্তে উপনীত হন। পরে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে চট্টগ্রাম জেলার আহবায়ক মনোনীত হয়েছেন ফটিকছড়ি উপজলার রোসাংগিরী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জকারিয়া সিকদার এবং সদস্য সচিব হয়েছেন পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবুল দে। শীঘ্রই নবগঠিত আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটির কাজ শুরু করবেন।
অরাজনৈতিক এই সংগঠনটি ইউপি সচিবদের ১০ম গ্রেড, চাকরি স্থায়ীকরণ এবং মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন-ভাতার দাবিতে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। ইতিপূর্বে দাবি আদায়ে তারা সংবাদ সম্মেলন, কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সচিবদের অধিকার নিশ্চিত করা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এই কমিটির ভুমিকা উল্লেখযোগ্য। এছাড়াও সংগঠনটি সমিতির স্বার্থসংশ্লিস্ট নানা বিষয়েও ভুমিকা রাখে।
নবগঠিত কমিটির আহবায়ক মোহাম্মদ জাকারিয়া সিকদার বলেন, ‘সবার আস্থা ও দায়িত্বের মর্যাদা দিতে আমার শেষটুকুই দিয়ে যাবো। আমি মনে করি আমরা সকলেই যদি ভালো কাজ দিয়ে মানুষের সেবার প্রতি ব্রত হই, তাহলে এদেশকে এগিয়ে নেওয়া সবার পক্ষে সম্ভব। সরকারের কর্মকর্তা হিসেবে এ দায় আমাদের।’



