চট্টগ্রাম নগরের ব্যস্ত সড়কগুলোকে আরও নিরাপদ ও শৃঙ্খলিত করতে বড় উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। নগরজুড়ে একসঙ্গে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ চলছে, আর এর পাশাপাশি আরও ৭–৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
রোববার (১২ এপ্রিল) উত্তর কাট্টলীর নিউ মনসুরাবাদ এলাকায় একটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানান মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরের ক্রমবর্ধমান যানচাপ ও পথচারীদের নিরাপত্তা বিবেচনায় একটি সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবেই এসব ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
‘বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় এই কাজগুলো বাস্তবায়ন হচ্ছে,’ উল্লেখ করে মেয়র জানান, ইতোমধ্যে ৪টি ব্রিজের নির্মাণ শেষ হয়েছে, ১৫টির কাজ চলছে এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া চলমান। সবগুলো চালু হলে ব্যস্ত সড়ক পারাপারে পথচারীরা পাবেন বাড়তি নিরাপত্তা, একইসঙ্গে কমবে দুর্ঘটনার ঝুঁকি।
নিউ মনসুরাবাদে নির্মাণাধীন ফুটওভার ব্রিজটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা। ৩১ দশমিক ৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই ব্রিজের দুই পাশে থাকবে সিঁড়ি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেটসংলগ্ন হওয়ায় এটি বিশেষ গুরুত্ব বহন করছে। চালু হলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীদের জন্য নিরাপদ পারাপার নিশ্চিত হবে।
মেয়র আরও বলেন, নগর উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়; বরং নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিকল্পিত সড়ক ও ফুটওভার ব্রিজের মাধ্যমে পথচারী ও যানবাহনের জন্য একটি নিরাপদ নগর গড়ে তোলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের লক্ষ্য।
সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নির্মাণকাজে রয়েছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, নারায়ণগঞ্জ।



