হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদ্রাসা প্রাঙ্গণে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।
জানা গেছে, সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও শুভকামনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দোয়া করেন এবং নিজের লেখা একটি বই উপহার দেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তিনি মূলত ব্যক্তিগতভাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছেন। এর আগে এই মাদ্রাসায় আসা হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখানে এসে শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পড়াশোনা করতে দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। তিনি শিগগিরই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনের কথাও জানান।
নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, দলের পক্ষ থেকে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। সেই বিষয়েও দোয়া নেওয়া এই সফরের একটি উদ্দেশ্য ছিল। জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, দলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে কাজ চলছে এবং নতুন অনেকেই দলে যুক্ত হচ্ছেন।
এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, চট্টগ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এনসিপি মুখপাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। তিনি আরও জানান, সাক্ষাৎ শেষে মুহিবুল্লাহ বাবুনগরীর লেখা একটি বই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হয়।



