৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে যুবককে গুলি করে হত্যা

রাউজান প্রতিবেদক

নিহত- কাউছারুজ্জামান বাবুল (৩৬)।

রাউজান পৌর এলাকায় দুর্বৃত্তের গুলিতে কাউছারুজ্জামান বাবুল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আলীখিল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউছারুজ্জামান ওই এলাকার কালাম সওদাগরের মেজ ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং এলাকায় বিএনপি সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে।

নিহতের বাবা কালাম সওদাগর আজ শনিবার সকালে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে শুক্রবার রাতে নানার বাড়িতে ফাতেহা অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত তিনটার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।’ তিনি আরও দাবি করেন, তাঁর ছেলে সব সময় চাঁদাবাজ, সন্ত্রাস ও চোর-ডাকাতদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণে আগেও কয়েকবার তাঁর ওপর হামলা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর কাউছারুজ্জামানের মামাতো ভাইসহ স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে জে কে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কাউছারুজ্জামান দুই কন্যাসন্তানের জনক। অনেক বছর আগে তিনি তাঁর মাকে হারিয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ কাউসারুজ্জামান বাবলুকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?