২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সার-বীজ কৃষকদের ন্যায্য অধিকার – সরওয়ার আলমগীর

ফপ্র সারথি


চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়িতে কৃষি বিপ্লব ঘটানো হবে এবং এ অঞ্চলের অনাবাদি জমিকে কৃষির আওতায় আনা হবে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি কৃষি বান্ধব সরকার, যা কৃষকদের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলা শফিকুন নুর মওলা হলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবসময় কৃষকদের কল্যাণে কাজ করে। এরই ধারাবাহিকতায় সারাদেশে পুনরায় খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে এবং ফটিকছড়িতেও এ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি কৃষকদের মাঝে কৃষি কার্ডও বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সার-বীজ কৃষকদের ন্যায্য অধিকার, এটি কোনো দয়া নয়। কৃষকদের উৎপাদিত ফসল ও শাক-সবজি সংরক্ষণের জন্য স্বল্প ব্যয়ে সহজলভ্য ও টেকসই পাঁচটি হিমাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, বিআরডিবির পরিচালক মাহবুবুর রশিদ তালুকদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লিটন চৌধুরী, নাজিরহাট পৌরসভা কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবির এবং ফটিকছড়ি পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বেলাল উদ্দিন, নাজিমুল হক লিটনসহ অন্যান্যরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?