চট্টগ্রামের ফটিকছড়িতে আবাসিক ভবনের সাত তলা থেকে নিচে পড়ে মো. কারিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘হাসান টাওয়ার-১’ নামক একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু কারিম উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুনসুর গোমস্তার বাড়ির সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটি তার ভাইয়ের সঙ্গে বাসার ছাদে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে ভবনের ছাদের কিনারে গিয়ে রেলিংয়ে উঠে পড়ে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের নানা মো. রহমত বলেন, দুপুরে দুই ভাই একসঙ্গে খেলছিল। একসময় সে সবার অজান্তে বাইরে চলে যায়। পরে জানতে পারি, রেলিং টপকে নিচে পড়ে গেছে। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।



