ফটিকছড়ির কাঞ্চনপুর এলাকায় অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে মো. ইয়াছিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
মঙ্গলবার (১৩ মে) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা কাজে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এসময় একই অভিযানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন পরিচালনার দায়ে মো. মনছুর ও মো. করিম নামের দুই ব্যক্তিকেও সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, পরিবেশ ও সড়ক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



