৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে গাড়ীতে গ্যাস বিস্ফোরণ

একসঙ্গে নিভে গেল চার ভাইয়ের জীবন প্রদীপ

কামরুল হাসান

স্বপ্ন ছিল চার ভাই একসঙ্গে দেশে ফিরবেন। ছোট দুই ভাইয়ের বিয়ের আয়োজন নিয়ে পরিবারজুড়ে ছিল আনন্দ আর অপেক্ষা। প্রবাসের ব্যস্ত জীবন শেষে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে কেনাকাটায় বের হয়েছিলেন তারা। কিন্তু সেই পথই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আল মিলিদ্দা আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাই। নিহতরা হলেন মো. রাশেদ (৩৫), মো. শাহেদ (৩২), মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪)। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।

বুধবার (১৩ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করে ওমান পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতেই দেশে ফেরার কথা ছিল চার ভাইয়ের। ছোট দুই ভাই সিরাজ ও শহিদের বিয়ের প্রস্তুতি চলছিল পরিবারে। সেই আনন্দকে ঘিরেই কেনাকাটার উদ্দেশ্যে একসঙ্গে বের হন তারা। পথে একটি পার্কিং এলাকায় গাড়ি চালু অবস্থায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই নিভে যায় চারটি প্রাণ।

নিহতদের একমাত্র ভাই এনাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওরা দেশে এসে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিল। বিয়ের কেনাকাটা করতে গিয়েই আজ লাশ হয়ে ফিরছে।

চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে শোকে স্তব্ধ রাঙ্গুনিয়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। যে ঘরে ছিল বিয়ের আনন্দের প্রস্তুতি, সেই ঘরেই এখন শুধুই কান্না আর শোকের মাতম।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?