২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি পৌরসভায়

অবৈধ দখল থেকে সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলায় অবৈধ দখল থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ মে) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উত্তর রাঙ্গামাটিয়া মৌজার আরএস ৩১৬১ ও বিএস ৩৪৬৭ নম্বর দাগভুক্ত ৩ শতক সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে এক ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। দখলকৃত জায়গায় একটি গোয়ালঘর নির্মাণ করে তিনি ভোগদখল চালিয়ে আসছিলেন।

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়। উদ্ধার হওয়া জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে জায়গাটি উদ্ধার করা হয়েছে। সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও ফটিকছড়ি সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?