হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলে পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফটিকছড়িতে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধক কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার( ১৫ জুন) উপজেলার নির্বাচিত ১৮ জন নিবন্ধিত জেলের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে উপকরণ তুলে দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রতিটি জেলে পরিবারকে দুটি করে ছাগল, একটি ছাগলের ঘর, প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ প্রদান করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে সমিতিরহাট ইউনিয়নের ৪ জন, রোসাংগিরি ইউনিয়নের ৪ জন, ভূজপুর ইউনিয়নের ৬ জন এবং নারায়ণহাট ইউনিয়নের ৪ জন জেলে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, হালদা নদীর ওপর নির্ভরশীল জেলে পরিবারের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে জেলে পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মাছের প্রজনন মৌসুমে নদীর ওপর নির্ভরশীলতা কমাতে সক্ষম হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জন-প্রতিনিধি এবং উপকারভোগী জেলে পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, এ কর্মসূচির অর্থায়ন করছে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম। প্রকল্পটির আওতায় হালদা নদী সংলগ্ন জেলে পরিবারের জীবনমান উন্নয়ন এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।



