‘শান্তি’র উদ্যোগ

ফটিকছড়িতে ৫৪ নারী-পুরুষের কর্মমুখী প্রশিক্ষণ

সালাহউদ্দিন জিকু

ফটিকছড়িতে দরিদ্র নারী ও বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শান্তি’র উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ৫৪ জন নারী ও পুরুষ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার বিবিরহাটে সংস্থাটির কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, সরকার বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আত্মনির্ভরশীল করতে কাজ করছে। প্রশিক্ষণকে শুধু সময় কাটানোর মাধ্যম হিসেবে নয়, নিজের ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি।

‘দরিদ্র নারী ও বেকার যুবকদের অর্থনৈতিক ক্ষমতায়ন (ইইপিডব্লিউইউওয়াই)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘শান্তি’র চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সংস্থার কর্মকর্তারা জানান, প্রশিক্ষণার্থীদের মধ্যে ২৪ জন কম্পিউটার, ১০ জন সেলাই, ১০ জন হস্তশিল্প এবং ১০ জন মাশরুম চাষ বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালে তাঁদের যাতায়াত ও নাস্তা ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে এককালীন আর্থিক সহায়তাও দেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তা হতে আগ্রহীরা সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ঋণ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায়, ফটিকছড়ি ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম এবং অর্থায়নকারী প্রতিষ্ঠান রমদান আল খায়ের টেকের প্রতিনিধি ও প্রবাসী মো. ওসমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ‘শান্তি’র নির্বাহী পরিচালক ফুলকুমার ত্রিপুরা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন, পরিচালক (অর্থ) মোহাম্মদ মান্নান উদ্দিন, প্রকল্প পরিচালক মো. ইলিয়াস আলী, প্রশিক্ষণার্থী,  ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?