চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বনানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মুহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে কলেজ পরিদর্শক নাজিম উদ্দীন আহমেদ স্বাক্ষরিত ১৫ জুন জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত সভাপতি মোজাম্মেল হায়দার চৌধুরী দায়িত্ব পেয়ে বলেন, হেয়াকো বনানী ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
এর আগে কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন কর্ণেল (অবঃ) আজিম উল্লাহ বাহার।
নতুন সভাপতি মনোনীত হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।



