ফটিকছড়িতে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অবদান তুলে ধরেন।

শুক্রবার (১৯ জুন) রাতে ফটিকছড়ি সদরের জেইউ পার্ক কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদে বিজয়ী সরোয়ার আলমগীর।

বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী ও মুনসুর আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা আহমেদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারেক, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, মহিন উদ্দিন আজম তালুকদার, মুহিবুল্লাহ বাহার, নাজিম উদ্দীন বাচ্চু, সাবেক চেয়ারম্যান এম শহীদুল আজমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?