ফটিকছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মো. তামিম (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বখতপুর ইউনিয়নের সৈয়দুর রহমান চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ওই এলাকার সৌদি প্রবাসী মো. হেলাল উদ্দিনের ছেলে। সে বখতপুর ফারুকিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তামিম বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম জানান, পানিতে ডুবে যাওয়া অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?