ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক নার্সকে গভীর রাতে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচারের অভিযোগে মানববন্ধন ও তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের নার্স ও কর্মচারীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে হাসপাতালের বিভিন্ন বিভাগের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেন।
বক্তারা বলেন, ঘটনার পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এছাড়া ভুক্তভোগী নার্সের স্বামীকে হুমকি দেওয়ার অভিযোগও প্রশাসনকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় কর্মবিরতি পালনকারী নার্সদের সঙ্গে আলোচনা করে তাদের পুনরায় কর্মস্থলে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।



