বৃষ্টি ও পাহাড়ি ঢলের শঙ্কা

ফটিকছড়িতে খোলা হচ্ছে ২১টি আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য জলাবদ্ধতা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় উপজেলার ২১টি আশ্রয়কেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, গত কয়েকদিনের একটানা ভারী বর্ষণের ফলে উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ি ঢলের আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে যেকোনো জরুরি অবস্থায় মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পূর্বনির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে।

আদেশে উপজেলার ১৮টি ইউনিয়ন ও ফটিকছড়ি এবং নাজিরহাট পৌরসভার মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান এবং দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধির নাম ও মোবাইল নম্বরও সংযুক্ত করা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত সমন্বয় করা যায়।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলো খোলা থাকবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নারী, শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান এবং দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিকে সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করতে হবে।

এছাড়া প্রতিটি আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত শুকনো খাবার, নিরাপদ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইনসহ জরুরি সামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?