চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ তুলে বিক্ষুব্ধ লোকজন ফায়ার সার্ভিসের গাড়ি আটকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। এ সময় গাড়িতে আঘাত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারের পুরোনো কৃষি ব্যাংক ভবনে হঠাৎ আগুন লাগে। আগুনের খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তাদের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে- এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা গাড়ি আটকে বিক্ষোভ করেন এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল উদ্দিন চৌধুরী বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে পৌঁছানোর পর কিছু স্থানীয় ব্যক্তি ফায়ার সার্ভিসের গাড়িতে আঘাত করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেয়াকো বাজারের ভাই ভাই জুয়েলার্সের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়সহ কাপড় ও জুতার অন্তত পাঁচটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক হিসেবে এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে- এমন অভিযোগ তুলে কয়েকজন স্থানীয় ব্যক্তি ফায়ার সার্ভিসের গাড়ি আটকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।



