হাতে ছিল ধানের চারা, সামনে ছিল জীবিকার লড়াই। কিন্তু সেই ধানক্ষেতই মুহূর্তেই হয়ে ওঠে মৃত্যুফাঁদ।ফটিকছড়িতে জমিতে চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই কৃষক। খুঁটি থেকে বিদ্যুৎতের তার ছিঁড়ে পানিতে ছড়িয়ে পড়া বিদ্যুতের সংস্পর্শে এসে তাদের মৃত্যু হয়। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. হাসেম (৪৫) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৩৫)। তারা দুজনেই দৈনিক মজুরিভিত্তিক কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুস। এ সময় বিলের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার জমির পানিতে পড়ে ছিল। কাজ করার একপর্যায়ে তারা ওই বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তবে উদ্ধার কার্যক্রমে বিলম্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, ঘটনার পরপরই ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয় লোকজনই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম বলেন, ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



