বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
নতুন রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে। পরীক্ষা চলবে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ড প্রকাশিত রুটিনে ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ সেপ্টেম্বর এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষার সমাপ্তি হবে।
এদিকে ৯ আগস্ট থেকে ১৮ অগাস্টের মধ্যে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ২৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রুটিনে।
চলতি বছরের ২ জুলাই থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায়। গত ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিনে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে। আর স্থগিত হওয়ার পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে মঙ্গলবার।



