প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর

হেলিপ্যাড পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে ফটিকছড়িতে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ফটিকছড়ির সম্ভাব্য অবতরণস্থল ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পরিদর্শনকালে তিনি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে পাইন্দংয়ের পেলাঘাজী দিঘী সংলগ্ন সিএন্ডবি মাঠে নির্মিত হেলিপ্যাড ঘুরে দেখেন। পাশাপাশি নিরাপত্তা, প্রটোকল, যানবাহন চলাচল এবং সফরসংশ্লিষ্ট অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সফরকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীর সফরের প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের ত্রুটি যেন না থাকে, সে লক্ষ্যেই সব প্রস্তুতি এগিয়ে চলছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলায় প্রশাসনের প্রস্তুতি পুরোদমে চলছে। হেলিপ্যাড নির্মাণের পাশাপাশি যাতায়াতের সড়ক সংস্কার, নিরাপত্তা পরিকল্পনা এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?