জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার(৫ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। অনুষ্ঠানের শুরুতে তিনি জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সরোয়ার আলমগীর বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন, নব্বইয়ের গণ-আন্দোলন ও মুক্তিযুদ্ধ- প্রতিটি সংগ্রাম থেকেই নতুন প্রজন্মের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। তবে আন্দোলনের চেতনাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদান নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির সংগ্রামের চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



