আগামী ৯ আগস্ট ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সফরস্থল উপজেলার পেলাগাজী দিঘির মোড় ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম।
পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন হেলিপ্যাড ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি না রাখার নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভেন্যু, হেলিপ্যাড ও সফরসংশ্লিষ্ট সড়কগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান, ওসি তদন্ত রফিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



