চট্টগ্রামের ফটিকছড়ির আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ আজিজুল করিম। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ আল্লামা ছালেহ আহমদ আল মাদানীর ছেলে।
১২ আগস্ট(বুধবার) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কালামের সই করা এক প্রজ্ঞাপনে ছয় মাসের জন্য এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে অ্যাডহক কমিটি। কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে শিশির রঞ্জন সাহা এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. ইব্রাহিম দায়িত্ব পেয়েছেন। পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাওলানা মোহাম্মদ আজিজুল করিম অধ্যক্ষ আল্লামা ছালেহ আহমদ আল মাদানী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান। এ ছাড়া তিনি কাদেরীয়া মুনিরীয়া আস-ছালেহ ইসলামী একাডেমির সভাপতি এবং সুন্দরপুর ইউনিয়নের কয়েকটি সামাজিক ও ধর্মীয় সংগঠনের দায়িত্বে রয়েছেন।
মাওলানা মোহাম্মদ আজিজুল করিম বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় মানুষের সহযোগিতা চাই। সবাইকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।’
নতুন অ্যাডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালন করবে।



