মাঠে ফুটবল ফেরাল সেনাবাহিনী

ফটিকছড়ির পাইন্দং সিএন্ডবি মাঠ সংস্কার

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন খেলার অনুপযোগী হয়ে থাকা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের সি অ্যান্ড বি মাঠ সংস্কার করে সেখানে আবারও খেলাধুলার পরিবেশ ফিরিয়ে এনেছে বাংলাদেশ সেনাবাহিনী। মাঠ সংস্কারের পর স্থানীয় যুবকদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।
বুধবার (১২ আগস্ট) বিকেলে সংস্কার করা মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠটি সংস্কারের অভাবে খেলাধুলার উপযোগী ছিল না। সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাঠটি সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে খেলার উপযোগী করা হয়। এরপর স্থানীয় তরুণদের দুটি দলে ভাগ করে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
ম্যাচে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। খেলায় মাঠে ফিরেছে প্রাণচাঞ্চল্য। দর্শকরাও খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে মেডেল, খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। এতে স্থানীয় যুবকদের মধ্যে আরও উৎসাহ তৈরি হয়।


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই মাঠটি সংস্কার ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?