চট্টগ্রাম-২ (ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো দল নেই। এমনকি তাদের মা-বাবাও নেই।
তিনি বলেন, মাদকসেবীদের মা-বাবার প্রতি অনুরোধ থাকবে- আপনার সন্তান মাগরিবের পর কোথায় যায়, সে বিষয়ে খেয়াল রাখুন। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে যেন সন্তান ঘরে ফিরে আসে, সেটি নিশ্চিত করুন। অনেক কিছুই নিজ ঘর থেকেই সংশোধন করা সম্ভব।
বুধবার (২৬ আগস্ট) রাতে আসন্ন ফটিকছড়িতে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবার থেকেই সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো গেলে সমাজ থেকে অনেক অপরাধ নির্মূল করা সম্ভব।
সরোয়ার আলমগীর বলেন, মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আমি বলেছি, দাঁতমারার হেয়াঁকো এখন মাদকের একটি আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে। ভারতের সীমান্ত দিয়ে গাঁজা ঢুকে হেয়াঁকো রোড হয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। অন্যদিকে, এ দিক থেকে ইয়াবা পাচার হয়।
তিনি বলেন, আমরা যদি মাদকের এই সিন্ডিকেট ভাঙতে পারি এবং জড়িতদের সংশোধন করে ভালো পথে ফিরিয়ে আনতে পারি, তাহলে ফটিকছড়িকে মাদকমুক্ত করার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।
সরোয়ার আলমগীর বলেন, মাদকের পথ থেকে কেউ ফিরে এসে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তাদের পুনর্বাসন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন উপস্থিত ছিলেন।



