ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা রুপা আকতার বাদী হয়ে তাঁর স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেহার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর নেহার স্বামী মারুফ পারভেজ পালিয়ে যান। পরে নিহতের মা রুপা আকতার ফটিকছড়ি থানায় মামলা করেন। নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে।

নিহতের মা রুপা আকতার বলেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। স্বামী মারুফ পারভেজ একাধিকবার নেহাকে নির্যাতন করেছেন। তাঁর অভিযোগ, সর্বশেষ নির্যাতনের পর নেহাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?