সংবাদ প্রকাশের জের;

ফটিকছড়িতে রান্নার সিলিন্ডারে গ্যাস ভরায় রাজ এলপিজিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বেগবাজার এলাকায় গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অনুমোদিত এলপিজি স্টেশন থেকে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরার অভিযোগে রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংবাদ প্রকাশের এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়ার পর এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হেঁয়াকো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় দাতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরকত উল্লাহসহ ভূজপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসাশন সূত্র জানায়, অভিযানের সময় রাজ এলপিজি স্টেশনে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি ভরার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং সেবাগ্রহীতাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে- এমন বিভিন্ন অনিয়মও নজরে আসে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

গত ২৬ আগষ্ট ফটিকছড়ি প্রতিদিন-এ একটা ভিডিও সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় বুধবার স্টেশনটিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানায় উপজেলা প্রসাশন।

সহকারী কমিশনার(ভূমি) রহমত উল্লাহ বলেন, জননিরাপত্তা ও ভোক্তার স্বার্থে এলপিজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানায় এ প্রতিষ্ঠানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?