ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় আগাম সতর্কতা, মালিকদের নোটিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগাম সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিবিশিষ্ট ইটভাটায় আগুন না দেওয়া এবং জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ব্যবহার বন্ধ রাখতে ভাটা মালিকদের সতর্ক করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালকের নির্দেশে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল ও পরিদর্শক চন্দন বিশ্বাস ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইটভাটা সরেজমিন পরিদর্শন করেন।

এ সময় সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের হাতে আগাম সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়। নোটিশে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় আগুন না দেওয়া, ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার না করা এবং কৃষিজমির টপসয়েল সংগ্রহ ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ইটভাটা মালিকদের সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সতর্ক করেন। একই সঙ্গে পরিবেশের ক্ষতি হয়- এমন কোনো কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার পরিদর্শক মোহাম্মদ মঈন উদ্দীন ফয়সল জানান, অবৈধ ইটভাটা ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের পরিদর্শন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?