চট্টগ্রামের রাউজানে মো. করিম (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার আরবান আলী বাড়ির আব্দুল মান্নানের। স্থানীয়রা জানান, কেরানিহাট এলাকায় করিমকে লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, করিম আবদুল মান্নানের ওপর হামলার ঘটনায় করা একটি মামলার আসামি ছিলেন। এছাড়া চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, করিমকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তার বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
হত্যাকাণ্ডের পর কেরানিহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।



