ফটিকছড়ির সর্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিকল করা হয়েছে। নদীর তীরে মজুত করে রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালুও জব্দ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত সর্তা নদীর আন্ধারমানিক ও তুলাতলি এলাকায় অভিযানটি চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহর নেতৃত্বে অভিযানে ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সর্তা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযানের সময় তিনটি ড্রেজার ও বালু পরিবহনের কাজে ব্যবহৃত প্রায় দুই হাজার ফুট পাইপ পাওয়া যায়। পরে এগুলো বিকল করে দেওয়া হয়।

অভিযানে নদী থেকে উত্তোলন করে রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালু স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরে বিধি অনুযায়ী উন্মুক্ত নিলামে এসব বালু বিক্রি করা হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সর্তা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের পাশাপাশি তীরভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে। নদী ও তীরবর্তী জনবসতি রক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানান তাঁরা।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



