ফটিকছড়িতে ডেভিড ইমনের আরেক সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ডাবা হারুন

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত ডাবা (শুটার) হারুনকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান।

পুলিশ জানায়, ডাবা হারুণ কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর হাঁচি সরদার পাড়ার বদিউল আলমের পুত্র। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশের ভাষ্য, ডাবা হারুন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত এবং তার হয়ে শুটারের কাজ করতেন।

পুলিশ আরও জানায়, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে ডাবা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ডেভিড ইমনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং সাম্প্রতিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।

এর আগে শনিবার সকালে ফটিকছড়ি থেকে ডেভিড ইমন ও কালা মোবারকের আরেক সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?